স্টাফ রিপোর্টার- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, অগ্নি দুর্ঘটনায় সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডার (টিটিএল) সংযোজন নতুন মাত্রা যোগ করবে। অগ্নিনির্বাপণে এটি আরও সহায়ক হবে।
রবিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডার (টিটিএল) উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, একদশক আগেও ২০৪টি স্টেশন ছিল, বর্তমানে ৪৯০টি ফায়ার স্টেশন রয়েছে। নতুন প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়ন হলে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৭৩৫টি।
তিনি বলেন, বর্তমানে দেশে ১৪ হাজারের বেশি জনবল নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এই সংখ্যা ৩১ হাজারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অনুষ্ঠানস্থলে পৌছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন ফায়ার সার্ভিসের একটি দল। পরে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের জন্য বিশ্বের সর্বাধিক উচ্চতার টার্ন টেবল লেডারের (টিটিএল) উদ্বোধন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, ২০০৯ সালে যেখানে ফায়ার সার্ভিসের বহুতল ভবনে কাজ করার মতো মাত্র ১টি পুরনো গাড়ি ছিল, যা দিয়ে ৮-১০ তলার ওপরে কাজ করা যেতো না। বর্তমান সরকারের আমলে আমরা এই প্রতিষ্ঠানের জন্য বহুতল ভবনে কাজ করার মতো ২৪টি উঁচু মইয়ের গাড়ি এনেছি। আজ ৬৮ মিটার উচ্চতার লেডার সংবলিত গাড়ি ফায়ার সার্ভিসের বহরে যুক্ত হওয়ায় তাদের অপারেশনাল কাজের সক্ষমতা ২৪ তলা পর্যন্ত সম্প্রসারিত হলো। আমরা ইতোমধ্যে ফায়ার সার্ভিসের জনবল বৃদ্ধিতেও কার্যকর ব্যবস্থা নিয়েছি। ২০০৯ সালে এই প্রতিষ্ঠানের মোট জনবল ছিল মাত্র ৬ হাজারের সামান্য বেশি। বর্তমানে এই জনবল হয়েছে ১৪ হাজারের অধিক। ফায়ার স্টেশন নির্মাণের চলমান প্রকল্প শেষে এই সংখ্যা হবে প্রায় ১৬ হাজার। এ ছাড়া এই প্রতিষ্ঠানের জনবল ৩১ হাজার করার জন্য অর্গানোগ্রাম পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর ভয়াবহ অগ্নিদুর্ঘটনার কথা উল্লেখ করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষের জীবন নিরাপদ রাখার জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করেন না। সীতাকুণ্ডের দুর্ঘটনায় ১৩ জন ফায়ারফাইটারের শহিদ হওয়ার মাধ্যমে তা আবারও প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি এই ১৩ ফায়ারফাইটারকে সরকারিভাবে ‘অগ্নি বীর’ খেতাবে ভূষিত করার সিদ্ধান্ত হয়েছে বলে ঘোষণা করেন। তিনি বলেন, ফায়ার সার্ভিস আজ যেকোনো দুর্যোগে প্রথম সাড়াদানকারী পারদর্শী বাহিনী এবং সক্ষমতার উচ্চ আসনে অধিষ্ঠিত। ভাষণ শেষে তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এরপর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়ের হাতে স্মৃতির নিদর্শন হিসেবে শুভেচ্ছা ক্রেস্ট হস্তান্তর করেন।
উদ্বোধন অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সুরক্ষাসেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী , বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিগণ এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/ কর্মচারী বৃন্দ।








