,

আজ ডিজিটাল বাংলাদেশ দিবস

স্টাফ রিপোর্টার- আজ ১২ ডিসেম্বর । ডিজিটাল বাংলাদেশ দিবস। ২০১৭ সালের ২৭ নভেম্বর বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়। গত ২০১৮ সালের ২৬ নভেম্বর আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে আসছে।

দেশের আইসিটি খাতকে এগিয়ে নিতে সবচেয়ে বেশি ভূমিকা যিনি পালন করেছেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রাথমিক ধাপ হিসেবে ইন্টারনেটকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন সজীব ওয়াজেদ জয়। ইউনিয়ন পর্যায়ের পাশাপাশি চর বা পার্বত্য অঞ্চলের মতো প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়েছে। দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীকে গুরুত্বপূর্ণ এবং কার্যকর পরামর্শ দিয়ে থাকেন সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী দেশের ডিজিটাল উন্নয়নে যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার পেছনে জয়ের অবদান অনস্বীকার্য।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ ও নির্দেশে সারা বাংলাদেশে আইসিটি নীতিমালা বাস্তবায়িত হচ্ছে। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শ ও নির্দেশে বাস্তবায়নকৃত ডিজিটাল বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল হিসাবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্ব আর সজীব ওয়াজেদ জয়ের মেধা এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশ খুব শিগগিরই উচ্চ মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে।

আজকের যুগ তথ্যপ্রযুক্তির। এই যুগে বিশ্বজনীন প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্যপ্রযুক্তিতে উৎকর্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। চীন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া পশ্চাত্পদ অবস্থা থেকে বিশ্ব পরিসরে নিজেদের স্থান করে নিয়েছে তথ্যপ্রযুক্তিকে সম্বল করে। বাংলাদেশেও এগিয়ে যাওয়ার রোডম্যাপে তথ্যপ্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রতিযোগিতার দৌড়ে বাংলাদেশের তৈরি তথ্যপ্রযুক্তির সরঞ্জাম ও উপকরণ বিদেশের বাজারে বড় ধরনের জায়গা করে নিয়েছে। সারাদেশে হাজার হাজার ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই সরকারী সব সেবা নিতে পারছেন। জন্ম-মৃত্যু নিবন্ধন, ভূমি রেকর্ড, পরীক্ষার ফলাফল, সরকারী বিভিন্ন ফরম, মোবাইল ব্যাংকিং, জীবন বীমা, ইংরেজী শিক্ষা, স্বাস্থ্য পরামর্শ ডিজিটাল হয়েছে। এখন প্রতিটি শিল্পে ডিজিটাল প্রযুক্তির পদচারণা শুরু হয়ে গেছে। ব্যাংকিং সেক্টর এখন অনেকটাই অনলাইন যুক্তির নির্ভর। তথ্যপ্রযুক্তির ছোয়া লেগেছে করপোরেট হাউসগুলোতেও।

আইসিটি ফর ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আইসিটি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তার হাতে এই পুরস্কার তুলে দেন হলিউড অভিনেতা রবার্ট ডেভি। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস সম্মিলিতভাবে এই পুরস্কার প্রদান করে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভার্নেন্স অ্যান্ড কম্পিটিটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট এর আয়োজক।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং খ্যাতনামা অভিনয় ও সংগীতশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করায় তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। আইসিটি বিভাগে নেতৃত্বদান ও দৃঢ়তার সঙ্গে তথ্য-প্রযুক্তিখাত নিয়ে কাজ করে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে টেকসই উন্নয়নের জন্য আইসিটি খাতকে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

প্রযুক্তির ব্যবহারে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ। নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার জনজীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। পারস্পরিক যোগাযোগ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, শিক্ষা থেকে শুরু করে ব্যাংকিং খাতে আমূল পরিবর্তন এনেছে ডিজিটাল পদ্ধতি। নিমিষেই তথ্য জানতে বা জানাতে পারছে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। স্বল্প সময়ে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সেবা পাওয়াও হয়েছে সহজ। তথ্যপ্রযুক্তির দ্রুত প্রসার ঘটায় এবং হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে যাওয়ায় জনগণের মধ্যেও ডিজিটাল সেবা পাওয়ার চাহিদা বেড়ে গেছে। অনলাইনের মাধ্যমে যে কোনো পণ্য কেনাকাটার সুযোগ তৈরি হয়েছে ঘরে বসেই। এসএসসি-এইচএসসি পরীক্ষার মতো জাতীয় পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে মোবাইল ফোনে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। অনলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে পাসপোর্টের ফরম গ্রহণ ও জমা দেওয়া সম্ভব হচ্ছে। সরকারের সব সেবা সংস্থার ফরম নিয়ে তৈরি করা হয়েছে ওয়েবসাইট। সেখান থেকে মুহূর্তেই সংগ্রহ করা যাচ্ছে যে কোনো ফরম। মধ্যস্বত্বভোগীদের হাতে জনগণের প্রতারিত হওয়ার আশঙ্কা এখন নেই। একইভাবে মোবাইল ফোনে পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসেবাও।

দেশের ব্যাংকিং সেবার আমূল পরিবর্তন ঘটেছে ইন্টারনেট ব্যবস্থা চালু হওয়ায়। বিপুল হারে এটিএম বুথ চালু হওয়ায় জনগণ সপ্তাহে যে কোনো দিন যে কোনো সময় প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারছে। বাংলাদেশে এখন অনলাইন পেশাজীবীর সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে চলছে। প্রযুক্তির অনুকূল পরিবেশ ও বাংলাদেশ সরকারের নানাবিধ সুযোগের কারণে এটি করা সম্ভব হয়েছে। এসব অনলাইন পেশাজীবী করমুক্তভাবে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন, যা দেশের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ