স্টাফ রিপোর্টার- প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। রবিবার সকালে নয়া পল্টনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দলের সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশারফ হোসেন। তিনি বলেন, মাহবুব হোসেন এর চলে যাওয়া এক অপূরনীয় ক্ষতি। দেশবাসী তথা বিএনপি এর অবদানের কথা চিরজীবন মনে রাখবে।
এর পর সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জানাজা বাদ জোহর সুপ্রিমকোর্টে অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, এটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নুর দুলাল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সম্পাদকবৃন্দ, সিনিয়র এডভোকেট, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক আইনজীবীসহ মরহুমের শুভাকাংখীসহ স্বজনরা অংশ নেন। জানাজা শেষে প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এক শোকবানীতে প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রধান বিচারপতি আজ জানাজাপূর্ব এক বক্তব্যে বলেন, খন্দকার মাহবুব হোসেনের মৃত্যুতে দেশের আইন অঙ্গন থেকে একটি নক্ষত্র খসে পড়লো। দীর্ঘ আইনপেশায় তিনি শিক্ষণীয় অনেক কিছু রেখে গেছেন।
খন্দকার মাহবুব হোসেন এসোসিয়েটসের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বাসস’কে জানান, ইতোমধ্যে তার সিনিয়র খন্দকার মাহবুব হোসেনের চারটি জানাজা অনুষ্টিত হয়েছে। মরহুমের পূত্র যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে রয়েছেন। পূত্র দেশে ফিরলে কাল শেষ জানাজা শেষে আজিমপুর নতুন কবরস্থানে খন্দকার মাহবুব হোসেনের দাফন সম্পন্ন হবে।
খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি।
এর আগে শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান। অ্যাডভোকেট শিশির মনির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, রাত ১০টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসাপাতালের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের ১৯৩৮ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। তিনি ১৯৬৭ সালের ৩১ জানুয়ারি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালে দালাল আইনে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আদালতের প্রধান কৌঁসুলি ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের ফৌজদারি আইন বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।








