রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা

স্টাফ রিপোর্টার- আইন হওয়ার চার বছরের বেশি সময় পরে অবশেষে সড়ক পরিবহন আইন-২০১৮ বিধিমালা জারি করেছে সরকার। বিধান অনুযায়ী, কেউ সড়ক দুর্ঘটনায় নিহত হলে তার পরিবার ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা পাবে। এ ছাড়া শুধু অঙ্গহানি হলে ভুক্তভোগী ৩ লাখ টাকা সহায়তা পাবেন।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে আইনটি পাস হয়েছিল। গত ২৭ ডিসেম্বরে বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়।

বিধিমালা অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় আহত কেউ চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা না থাকলে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে। তবে স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা থাকলে আর্থিক সহায়তার পরিমাণ হবে এক লাখ টাকা।

ক্ষতিপূরণের দাবিগুলো ১২ সদস্যের একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। সহায়তা পাওয়ার জন্য দুর্ঘটনা ঘটার সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করতে হবে। বিআরটিএর চেয়ারম্যান এই বোর্ডের চেয়ারম্যান হবেন। অনুসন্ধানপূর্বক আর্থিক সহায়তার টাকা আবেদনকারীর ব্যাংক হিসেবে চেকের মাধ্যমে দিতে হবে।

এজন্য একটি আর্থিক সহায়তা তহবিল থাকবে। এই তহবিলে মোটরযানের মালিকরা প্রতিটি মোটরযানের বিপরীতে নির্দিষ্ট পরিমাণে অর্থ দেবেন। মোটরসাইকেলের মালিককে এককালীন এক হাজার টাকা দিতে হবে। এ ছাড়া বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রাইম মুভারের জন্য বার্ষিক দেড় হাজার টাকা দিতে হবে। মিনিবাস, মিনি ট্রাক ও পিকআপের জন্য বার্ষিক ৭৫০ টাকা, কার, জিপ ও মাইক্রোবাসের জন্য বার্ষিক ৫০০ টাকা দিতে হবে। আর থ্রি-হুইলারসহ অন্য যানবাহনের জন্য বার্ষিক ৩০০ টাকা দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ