,

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪০

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক – নেপালের কাঠমান্ডুর পোখারাতে রবিবার সকালে ৭২ জন আরোহী নিয়ে ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ৪০ জনের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে পুরোদমে চলছে উদ্ধারকাজ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটিতে ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। রোববার সকালে কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল উড়োজাহাজটি। পথিমধ্যে নেপালে কাসকি জেলা সংলগ্ন এলাকায় এটি বিধ্বস্ত হয়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, নেপালের পশ্চিমাঞ্চলের পোখারার পুরনো ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি এলাকায় ইয়েতি এয়ারলাইনসের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এটি ছিল এটিআর ৭২ মডেলের একটি উড়োজাহাজ।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল নেপাল টিভি জানিয়েছে, উড়োজাহাজের আরোহীদের মধ্যে ১০ জন ছিলেন বিদেশি নাগরিক।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কাঠমান্ডু থেকে স্থানীয় সময় সকাল সাড়ে দশটার কিছু সময় পর উড়োজাহাজটি উড্ডয়ন করেছিল। ওড়ার ২০ মিনিট পরই সেটি বিধ্বস্ত হয়। বর্তমানে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার স্থানে উদ্ধারকাজ চলছে। এরই মধ্যে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ইয়েতি এয়ারলাইনসের মুখপাত্র সুদর্শন বারতৌলা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এ ঘটনায় কতজন বেঁচে আছেন, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। উদ্ধারকাজে জড়িত নেপালের স্থানীয় এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এনডিটিভিকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার পর পরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। উদ্ধারকারীরা এখন আগুন নেভাতে জোর চেষ্টা চালাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ