,

দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন, মারা গেছেন ১৮৯০ জন

দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন, মারা গেছেন ১৮৯০ জন

স্টাফ রিপোর্টার – বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন এবং এখন পর্যন্ত এইচআইভিতে মারা গেছেন ১৮৯০ জন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমনটিই বলেছেন। সংসদে তিনি এমনটি জানান।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমানে বাংলাদেশে শনাক্ত এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন, চিকিৎসাধীন ৬০৭৫ জন এবং এ যাবত মারা গেছেন ১৮২০ জন। এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে। আটটি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। সরকারি ও বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেওয়া হচ্ছে। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

জাহিদ মালিক আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ আইনের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। খসড়া আইনটি দ্রুত পাস করার পদক্ষেপ চলমান রয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা সম্ভব হবে এবং মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর খসড়া আইনটি পাসের জন্য সংসদে উপস্থাপন করা হবে। জাতীয় সংসদে হাবিবে মিল্লাতের লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের আগেই বাংলাদেশ থেকে তামাক নির্মূল করার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন আয়োজিত দক্ষিণ এশীয় স্পিকার সম্মেলনে তিনি যুগান্তকারী এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেওয়ার সময় কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে আন্তর্জাতিক তামাক নিয়ন্ত্রণ চুক্তি ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোলের (এফসিটিসি) আলোকে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন অন্যতম।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে জনস্বাস্থ্যের জন্য হুমকি ই-সিগারেট আমদানি, উৎপাদন, বিক্রি, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করার জন্য ১৫৩ জন সংসদ সদস্যর সুপারিশ বাস্তবায়নে এ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিদ্যমান আইন সংশোধনীতে ই-সিগারেটসহ ইমার্জিং তামাক পণ্য নিষিদ্ধ করে প্রস্তাব যুক্ত করেছে।

সুনির্দিষ্টভাবে ১৫৩ জন সংসদ সদস্যের সুপারিশের আলোকে এ খসড়া আইনে ‘ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, ইমার্জিং টোব্যাকো প্রডাক্টস ইত্যাদি নিষিদ্ধ’ বিষয়ক একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। নতুন এ ধারার মাধ্যমে ই-সিগারেটসহ সব ধরনের ইমার্জিং তামাক পণ্য আমদানি, উৎপাদন, বিক্রি, বিপণন ও ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে আইন প্রণয়ন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ