স্টাফ রিপোর্টার – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণজোয়ারে ভাটা। তাদের পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে। শনিবার রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেছেন, ১০ দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত এটা পদযাত্রা নয়, পেছন যাত্রা। তারা পরাজিত হবে, আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে রাজনৈতিক মরণ।
তিনি বলেন, তারা পদযাত্রা করছে, আর আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করছি না। তারা বাড্ডায় পদযাত্রা করছে, আমরা উত্তরায় শীতবস্ত্র বিতরণ করছি। ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে পরাজয়ের মধ্যদিয়ে আগামী নির্বাচনে তাদের মরণযাত্রা হবে।
‘বিএনপি একতরফা মিথ্যাচার করছে’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, সরকার চুপচাপ বসে থাকবে না, জবাব দিতে প্রস্তুত। তিনি বলেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগ পালাবার দল না। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। এই দিবাস্বপ্ন দেখে লাভ নেই। বন্দুকের নলের জোরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় না।
তিনি বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে। আন্দোলনে হবে, নির্বাচনেও খেলা হবে। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। প্রস্তুত হয়ে যান, ঘরে ঘরে যান, মানুষের কাছে যান, জনসংযোগ করুন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন কথার রাজা। মির্জা ফখরুল কাজ নেই শুধু কথা। শুধু কথামালার চাতুরি। আমরা কাজ করছি আর বাধ্য হয়ে তাদের কথার জবাব দিচ্ছি। তারা একতরফা মিথ্যাচার করবে, বিষোদগার করবে এবং যেটা তারা করে আসছে, আমরা কি চুপচাপ বসে থাকবো? আমাদের অবশ্যই জবাব দিতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডাক দিলেই চলে আসবেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই করছি। রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ আমরা ছাড়বো না আগামী নির্বাচন পর্যন্ত।
কাদের বলেন, আমরা মানুষের পাশে ছিলাম। এই শীতের কষ্টেও মানুষের পাশে আছি। মানুষের দুঃখে-কষ্টে, দুর্যোগে-ঝড়ে-বন্যায়-জলোচ্ছ্বাসে আমরা মানুষের পাশে ছিলাম, আছি। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের ৭০ বছর মানুষের পাশে আমরা আছি। নির্বাচনে জিতলেও আছি, নির্বাচনে হেরে গেলেও আছি।
জনগণ চাইলে আমরা জয়ী হব, না হলে ২০০১ সালের মতো বিদায় নেব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের বলেন, নির্বাচনে জিতলেও মানুষের পাশে আছি, হারলেও আছি। বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার দল আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ পালাবার দল নয়।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপির নেতাকর্মীরা সমাবেশের সাত দিন আগেই সমাবেশস্থলে শুয়ে পড়েন। এসব এখন কোথায় গেল? কোথায় গেল গণজোয়ার?
আওয়ামী লীগের এই নেতা বলেন, এত লাফালাফি, এত ছুটাছুটি, এত কাথাবালিশ, সমাবেশ হলে সাতদিন ধরে সব সমাবেশস্থলে শুয়ে পড়ে। আর বাটির পর বাটি খাবার তৈরি হয়। কোথায় গেল সেই দিন, কোথায় গেল লালকার্ড, কোথায় গেল
গণঅভ্যুত্থান, কোথায় গেল গণজোয়ার। গণজোয়ারে এখন ভাটার টান। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই করছি, রাজপথে আছি, থাকবো। রাজপথ আমরা ছাড়ব না আগামী নির্বাচন পর্যন্ত।
আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আমরা মানুষের পাশে ছিলাম, এই শীতের কষ্টে মানুষের পাশে আছি। আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাস মানুষের পাশে থাকার ইতিহাস।








