স্টাফ রিপোর্টার – রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার তিনতলা একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন – শরীফুজ্জামান, আবদুল মান্নান ও তুষার। আহত হয়েছেন আরও ১৩ জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিস্ফোরণে উড়ে গেছে ভবনের দেয়াল ও দরজা-জানালা। বিস্ফোরণের পরপরই ভবনটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের উল্টো দিকের ওই ভবনে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ওই ভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের ডিসি শহীদুল্লাহ। গুরুতর আহত অবস্থায় তাদের পপুলার হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়। এছাড়া আরও ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর দগ্ধ ৬ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
এদিকে কি কারণে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে কেউ কেউ বলছেন – এসি বিস্ফোরণ হয়েছে, আবার কেউ কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের রহস্য উদঘাটনে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, ভবনটির অবস্থা এখন ভালো নয়, খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে ছোট ছোট অফিসসহ একটি ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল। এ মুহূর্তে ভবনটিতে প্রবেশ করা ঠিক হবে না। আমরা ঝুঁকি নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এদিকে, বিস্ফোরণের কারণ এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন মহিদ উদ্দিন। তিনি বলেন, এর কারণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকটি কারণে বিস্ফোরণ ঘটতে পারে। সিলিন্ডার, বিদ্যুৎ এবং জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটতে পারে। সঠিক কারণ বলা যাচ্ছে না। এটি বলতে সময় লাগবে।
ধানমন্ডির পপুলার হাসপাতালের চিকিৎসক মোরসালিন গণমাধ্যমকে জানান, ৩০ থেকে ৪০ জন পপুলার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। যে তিনজন নিহত হয়েছেন, বিস্ফোরণের সময়ই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া এখানে চিকিৎসা নিতে আসা কয়েকজনকে ভর্তি করা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজনকে পাঠানো হয়েছে।








