স্টাফ রিপোর্টার- চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহত এবং রাজধানীর সাইন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় জাপা চেয়ারম্যান বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেওয়া যায় না। দেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলছে, কিন্তু প্রতিকার নেই।
তিনি বলেন, কেন এমন মারাত্মক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জি এম কাদের।
কোন দুর্ঘটনা থেকেই আমরা শিক্ষা নেই না উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, ‘গেল বছর জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ কন্টেইনার বিস্ফোরণের ঘটনার সঠিক তদন্ত এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা হয়ত এড়ানো সম্ভব হতো।
জিএম কাদের বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। যারা নানাভাবে দুর্নীতি-অনিয়ম করছে তাদের রক্ষা করছে। বায়ু দূষণে বাংলাদেশ চ্যাম্পিয়ন, দুর্নীতিতেও এ সরকার চ্যাম্পিয়ন। বায়ু দূষণে ফুসফুসে রোগের হার বাড়ছে। এরকম ঝুঁকিতেই আমরা বাস করছি।
তিনি বলেন, দেশের সাধারণ মানুষের জন্য ডাক্তার নেই। বাংলাদেশ চিকিৎসা সুবিধার উন্নতি করেছে, কিন্তু সেটি উচ্চ শ্রেণির জন্য, সাধারণ মানুষের জন্য যা ব্যয়বহুল। সাধারণ মানুষের জন্য যে হসপিটাল সুবিধা, সেগুলোতে চিকিৎসার নামে অপচিকিৎসা দেওয়া হচ্ছে, এটি দুর্ভাগ্যজনক।
এদিকে সীতাকুণ্ডে অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহত এবং রাজধানীর সাইন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।








