স্টাফ রিপোর্টার- ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার (ফসওয়াল) বঙ্গবন্ধুকে যে ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ দিয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে।
গণভবনে প্রধানমন্ত্রীর হাতে এ পুরস্কার তুলে দেন লেখক-গবেষক রামেন্দু মজুমদার ও মফিদুল হক। এ সময় প্রধানমন্ত্রীর কাছে প্রখ্যাত সাহিত্যিক অজিত কৌরের লেখা চিঠি, বই এবং উপহার হিসেবে একটি শতবর্ষী ‘ফুলকরি চাদর’ হস্তান্তর করা হয়।
ফসওয়াল গত ২৬ মার্চ বঙ্গবন্ধুকে তার ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ রচনার স্বীকৃতি হিসেবে ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ দেয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বলেন, ‘পুরস্কারের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।’
শেখ হাসিনা বলেছেন, ‘রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধু হিমালয়ের মতো উচ্চতায় থাকলেও তিনি লেখালেখিতেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ওই ভাষণ আজ একটি বিশ্ব দলিল; একটি রাজনৈতিক মহাকাব্য।’
রামেন্দু মজুমদার এবং মফিদুল হকের হাতে এ পুরস্কার পাঠিয়ে দেন ফসওয়ালের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কৌর। ২০০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া হয়।
ফসওয়ালের সম্মাননা স্মারকপত্রে বলা হয়, স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, তার জনগণের কাছে ‘বঙ্গবন্ধু’, বিশ্বের নিপীড়িত মানুষের জাতীয় মুক্তির এক সুউচ্চ ব্যক্তিত্ব। মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিংয়ের মতো অন্ধকারের শক্তিরা তাকেও নৃশংসভাবে হত্যা করেছিল। কিন্তু পৃথিবীর কোনো শক্তিই তাকে ইতিহাস থেকে মুছে ফেলতে পারবে না। হারিয়ে যাওয়া বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা বইটি প্রকাশ হলে তার জীবনের একটি নতুন মাত্রা উন্মোচন হয়।
এতে আরও বলা হয়, একজন ব্যক্তি যিনি ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছিলেন এবং তার জনগণকে স্বাধীনতার দিকে নিয়ে গিয়েছিলেন, তার রচিত ট্রিলজি হচ্ছে রাজনৈতিক দলিল এবং ভালোবাসা ও সহানুভূতির সাথে লিখিত একটি মানবিক সনদ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ফসওয়ালের আয়োজনে ২৬ মার্চ থেকে শুরু হয় তিন দিনব্যাপী আঞ্চলিক সাহিত্য সম্মেলন। এতে বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক সাহিত্যিক অংশগ্রহণ করেন।








