স্টাফ রিপোর্টার – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। কিডনি প্রতিস্থাপনসহ বাংলাদেশে এখন অনেক জটিল অপারেশন সম্ভব। সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর নেতৃতে সফল কিডনি প্রতিস্থাপনে সুস্থ হওয়া শামীমা আক্তার এবং কিডনি দানকারী মৃত সারা ইসলামের মা শবনম সুলতানাসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা। এ সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাংক অনুসরণ করে আমরা মানুষের দৌরগৌড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছি। চিকিৎসা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমার সরকার স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিচ্ছে।
গত ১৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ব্রেন ডেথ এক রোগীর দুটি কিডনি দু’জন কিডনি বিকল রোগীর দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয় এবং একই সঙ্গে ওই রোগীর দুটি কর্ণিয়াও অন্য দু’জন রোগীর চোখে সফলভাবে প্রতিস্থান করা হয়েছে। এটি দেশের প্রথম কিডনি প্রতিস্থাপন।
ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে কিডনি ট্রান্সপ্লান্ট অপারেশন থিয়েটারে এ রোগীর অপারেশন করেন প্রক্টর ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল ও তার নেতৃত্বাধীন একটি চিকিৎসক দল।
সারা ইসলাম ১০ মাস বয়স থেকেই মস্তিষ্কে টিউমারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছিল। সেখানে ১৮ জানুয়ারি সন্ধ্যায় তাকে ‘ব্রেন ডেথ’ ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ২০ বছর।








