মিথুন আশরাফ – ‘ ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।’ পশ্চিমাকাশে আজ শাওয়ালের চাঁদ দেখা গেছে। চারিদিকে ধ্বনিত হচ্ছে আনন্দের এই গীত। এই গানে মাতোয়ারা হয়ে উঠেছে পুরো দেশ। আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপন হবে।
ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। চাঁদ দেখা যেতেই ঈদুল ফিতর উদযাপনের আনন্দে মেতে উঠেছে মানুষ। এই ঈদ এখন আমাদের দোড় গোড়ায়। এক মাস সিয়াম সাধনার পাশাপাশি ঘরে ঘরে ঈদ পালনের প্রস্তুতি চলছে। তাই চাঁদ দেখার খবরের সাথে দিকে দিকে সাড়া পড়ে যাবে। খুশির দিনটিকে যার যেমন সাধ্য সেভাবে বরণ করার শেষ প্রস্তুতি চলবে।
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। প্রিয়জনের সাথে মিলেমিশে ঈদ করার আনন্দই আলাদা। শহরে বসবাসকারী প্রতিটি মানুষের রয়েছে শিকড়ের প্রতি টান। গ্রামে মা-বাবা, আত্মীয়-স্বজনের সাথে ঈদ করার জন্য সরকারী-বেসরকারী, চাকুরীজীবী, পেশাজীবী ব্যবসায়ীসহ বিপুল মানুষ শহর ছেড়েছে। বাড়ি ফেরার ক্ষেত্রে যানবাহনের ভিড়, ঝুঁকি ও বিড়ম্বনা উপেক্ষা করেই খুশি ও সম্প্রীতির আকাঙ্খায় মানুষ ছুটে যায় প্রিয়জনের সান্নিধ্যে। ঈদের সাথে জড়িত মুসলমানদের ধর্মীয় আবেগ এবং বৈভব দারিদ্র, সুখ-দুঃখের অনেক উর্ধের এক পবিত্র অনুভূতি।
এক মাস রোজা শেষে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর কবে হবে, তা জানা যাবে আজ। সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।
ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করবেন বলে বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশের আকাশে শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ২৯ দিন রোজা শেষে শনিবার ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে পুরো ৩০ দিন রোজা শেষে ঈদ হবে রবিবার।
বাংলাদেশে আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ নম্বরে ফোনে অথবা ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
যারা এক মাস রোজা রেখে অভুক্ত থাকার কষ্টকে অনুভব করেছেন, নামাজ, তারাবি, ইবাদত-বন্দেগি ও ইসলামের অনুশাসন পালন করেছেন, তাদের জন্য এ ঈদ আনন্দ উপভোগের, উচ্ছ্বাসের ও শান্তির। তাদের জন্য মহান রাব্বুল আলামিনের মহাপুরস্কার হচ্ছে ঈদ। পবিত্র কোরআনের বর্ণনা মতে, এক মাস রোজা রাখার পর মুসলমানরা যখন নতুন পায়জামা-পাঞ্জাবি তথা পছন্দের পোশাক পরে, দেহে আতর-খুশবু মেখে ঈদগাহে যান তখন ফেরেশতারা তাদের সংবর্ধনা জানান।
প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।








