,

স্কাউটিংয়ের মাধ্যমে নেতৃত্ব বিকাশের যাত্রা শুরু হতে পারে: রাষ্ট্রপতি

বাংলাদেশ স্কাউটসের প্রতিটি সদস্যকে তথ্যপ্রযুক্তিসহ সব আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রোববার (১৬ জুলাই) বাংলাদেশের প্রধান স্কাউট হিসেবে বঙ্গভবনে আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে স্কাউটসদের উদ্দেশে তিনি এই কথা বলেন।

রাষ্ট্রপ্রধান বলেন, দেশকে দুর্নীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখতে স্কাউটসদের কার্যকরী ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান বঙ্গভবনে রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান এবং স্কাউটস ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ চিফ স্কাউটকে স্কার্ফ পরিয়ে দেন।

স্কাউট কার্যক্রমে নীতি-নৈতিকতার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ছেলে-মেয়েদের আদর্শিক ভিত্তি তৈরি করতেও স্কাউটিং কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে এক অধ্যাদেশের মাধ্যমে স্কাউটিংয়ের গোড়াপত্তন করেন যা আজ সারাদেশে বিস্তৃত।

দেশকে উন্নতি ও অগ্রগতির পথে এগিয়ে নিতে এবং স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রতিটি স্তরে নেতৃত্বের বিকাশ অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।

রাষ্ট্রপতি বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই নেতৃত্বের বিকাশের যাত্রা শুরু হতে পারে।

প্রাকৃতিক দুর্যোগসহ জাতীয় বিভিন্ন সংকটকালে স্কাউটসদের ভূমিকার প্রশংসা করে তিনি।

স্কাউটরা যাতে দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে নিজেদের কাজে লাগাতে পারে সেজন্য স্কাউটস নেতাদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। -বাসস

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ