স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গুতে নাজেহাল নগরবাসীকে মরণঘাতী এডিস থেকে মুক্তি দিতে আজ থেকে নতুন কীটনাশক বিটিআইয়ের প্রয়োগ শুরু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মশক নিধনে নতুন কীটনাশক বিটিআইয়ের (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) প্রয়োগ নতুন দিগন্তের উন্মোচন করবে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) ডিএনসিসির গুলশান-২ এর নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রথমবারের মতো বিটিআই কীটনাশক প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, শুধু কীটনাশকই সমাধান নয়। সর্বস্তরের জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলেই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু জ্বরে অতিষ্ঠ রাজধানীবাসীকে মুক্তি দিতে এবার আমরা নতুন কীটনাশক প্রয়োগ শুরু করলাম। ২৫ গ্রামের এক প্যাকেট লার্ভিসাইড ১০ লিটার পানিতে মিশিয়ে দেওয়া যাবে ২৫ বর্গমিটার এলাকায়। এ সময় আগামী রোববার (৬ আগস্ট) থেকে আওতাধীন সব সড়কে বিটিআই ছিটানো হবে বলেও জানান মেয়র।
ডিএনসিসি সূত্রে জানা যায়, সিঙ্গাপুর থেকে আনা বিটিআইকে বলা হচ্ছে পরিবেশবান্ধব ও বায়োলজিক্যাল লার্ভিসাইড, যা ব্যবহার করে এরই মধ্যে সুফল পেয়েছে ইউরোপ-আমেরিকাসহ এশিয়ার অনেক দেশ। ২৫ গ্রামের এক প্যাকেট কীটনাশক ১০ লিটার পানিতে মিশিয়ে প্রয়োগ করা যাবে ২৫ বর্গমিটার এলাকায়। আর এর কার্যকারিতা থাকবে ১০ থেকে ১৫ দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ছাড়াও সকল কাউন্সিলর ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








