বিএনপি-জামায়াতের তিন দফা হরতাল-অবরোধে ২০০টি গাড়ি ভাঙচুর এবং ৯২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে দাবি করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সংগঠনের দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত তিন দফা হরতাল-অবরোধে এসব গাড়িতে হামলা হয়। বিএনপি ও জামায়াতের হরতাল অবরোধ উপেক্ষা করে বুধ ও বৃহস্পতিবার গাড়ি চালানোয় মালিক ও শ্রমিকদের ধন্যবাদ জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। আগামীতে বিএনপি-জামায়াত নতুন কর্মসূচি দিলে তখনও গাড়ি চালাতে মালিক-শ্রমিকদের প্রতি আহবান জানান তিনি। আন্দোলনের নামে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হরতাল-অবরোধের সময় গাড়ি চলাচলে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান তিনি।এদিকে, তৃতীয় দফা অবরোধেও বেশকিছু গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস জানাচ্ছে, বুধবার ভোর থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ১৬টি যানবাহনে আগুন দেওয়ার খবর জেনেছেন তারা। এর মধ্যে রাজধানীতে আগুন দেওয়া হয় আটটি বাসে। আর গত ১৩ দিনে রাজনৈতিক সহিংসতায় ১৩১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯৯টি ঘটনায় আগুন নেভাতে কাজ করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বাকি ৩০টি ঘটনায় জনতার বাধা এবং পুলিশের পর্যাপ্ত নিরাপত্তার অভাবে আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস।
ঢাকা মহানগর পুলিশ জানায়, নতুন-পুরনো নাশকতার মামলায় ২৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ঢাকায় ১ হাজার ৭৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী রোববার থেকে সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দুদিন বিরতি দিয়ে রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চতুর্থ দফায় টানা ৪৮ ঘণ্টা অবরোধ পালন করা হবে। এছাড়া চলমান আন্দোলনে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন এবং শ্রমিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় আজ দেশের সব মসজিদে দোয়া করা হবে।








