তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলার সময় হয়নি। আশঙ্কাজনক কোনো অবস্থা সৃষ্টি হলে আমি অবশ্যই কথা বলব।
সোমবার (৪ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিন নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
তৈমূর আলম খন্দকার বলেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমি জনগণের পক্ষে কথা বলতে ও রূপগঞ্জ থেকে জগদ্দল পাথর সরাতে এসেছি। অস্ত্র নিয়ে শোডাউনের বিষয়টি কঠিনভাবে দেখা উচিত।
তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, যার কোমরে অস্ত্র থাকে তার প্রভাবই হয় আলাদা। এজন্য আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করছি সব বৈধ-অবৈধ অস্ত্র যেন উদ্ধার করে জমা নেওয়া হয়। এটা হলে জনগণ নিরাপত্তাবোধ করবে এবং ভোটকেন্দ্রে যাওয়ার সাহস পাবে।
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে আমার নির্বাচন করার সুযোগ ছিল। কিন্তু রূপগঞ্জবাসীর অধিকার আদায় ও সম্পদ রক্ষার জন্য আমি রূপগঞ্জকে বেছে নিয়েছি। আমি নির্বাচিত হলে আমার কোনো পিএস, এপিএস থাকবে না। কোনো সন্ত্রাসী বাহিনী থাকবে না। এমনকি আমি কোনো স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপও করব না।








