প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, এবারের ভোট উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে। আওয়ামী লীগ সরকারের আমলে প্রত্যন্ত অঞ্চলেও উন্নতি ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সেই ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ছয় জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন।
যে ছয় জেলার সঙ্গে ভার্চুয়াল জনসভা হচ্ছে, সেগুলো হলো- কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোনা, রাঙ্গামাটি ও বরগুনা।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে বা দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না।
সরকারপ্রধান বলেন, নির্বাচন উৎসবমুখর ও সুষ্ঠু হবে। গণতান্ত্রিক পরিবেশকে সুসংহত করতে চাই আমরা। সব প্রার্থী ভোটারদের কাছে যাবেন। তাদের মনের কথা বোঝার চেষ্টা করবেন।
তিনি বলেন, দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তখন বিএনপি সন্ত্রাস শুরু করেছে। বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, ওরা সন্ত্রাসী। ওরা যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে চলছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে, দেশের উন্নয়নের ধারা বজায় রাখা যাবে না।








