প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মারাই বিএনপি-জামায়াতের আন্দোলন। দেশের মানুষ আর তাদেরকে বিশ্বাস করে না। ২০০৮ সালে সেটা প্রমাণ হয়ে গেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি হচ্ছে খুনিদের পার্টি। আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীদের পার্টি। রেল পোড়ায়, বাস পোড়ায়, গাড়ি পোড়ায়, মানুষ হত্যা করে, আমাকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছে তারা। লন্ডনে বসে মানুষ হত্যার নির্দেশ আসছে। যারা অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, আগুন দিয়ে মানুষ হত্যা করে, ওই তারেকের কথা শুনে, যে টাকা আত্মসাৎ করেছে, জুয়া খেলেছে, ওই লম্পটের কথা শুনে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করছে।
তিনি বলেন, আমরা শান্তির পক্ষে। তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা এটা করে সফল হতে পারছে না। নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র করেছে। ছোটবোন রেহানা না থাকলে আমি দেশের জন্য কাজ করতে পারতাম না।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি। আমরা দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছি। এ জন্য অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে। তারপরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই বাংলাদেশেকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার বাবার, আমি প্রাণপণ চেষ্টা করে গেছি, আমি নিজের দিকে তাকাইনি।








