নতুন মন্ত্রিসভার সদস্যরা বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেবেন ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। ইতোমধ্যে তাদের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদসচিব গণমাধ্যমে নাম ঘোষণা করেন। ডাক পাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রী এবং অতিরিক্ত ১১ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান সচিব।
তাদের মধ্যে মোট ১৮ জন নতুন মুখ। তাদের মধ্যে অনেকে প্রথমবার মন্ত্রিসভায় দায়িত্ব পেতে যাচ্ছেন, আবার কয়েকজন বিভিন্ন সময় মন্ত্রিসভায় ছিলেন। দুজন প্রতিমন্ত্রী এবং একজন উপমন্ত্রীর পদোন্নতি হয়েছে। এবার তারা পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন।
একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী ছিলেন। সে হিসাবে এবারের মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হচ্ছে।
যাদের পদোন্নতি হলো- ফরহাদ হোসেন (মেহেরপুর-১), তিনি বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; মো. ফরিদুল হক খান (জামালপুর-২), তিনি বর্তমানে ধর্ম প্রতিমন্ত্রী এবং মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯) বর্তমানে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।








