প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের কাছে ক্ষমতা ভোগের বস্তু নয়, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের একটা বড় সুযোগ। দেশের মানুষের কল্যাণে কাজ করার একটা সুযোগ, যা আমি পেয়েছি।
রোববার (২১ জানুয়ারি) ঢাকার পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। পরপর ৪বার আওয়ামী লীগকে নির্বাচিত করেছে জনগণ। উন্নয়নশীল দেশে পদার্পণের এই সময়ে পরিকল্পনা গ্রহণ ও চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগের ক্ষমতায় আসা গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, এজন্য আমি বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আবার আমাদেরকে জয়ী করায়, তাদের সেবা করার সুযোগ দিয়েছে। এজন্য বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ যাতে মাথা উচু করে বিশ্ব দরবারে চলতে পারে, সেই পদক্ষেপ নিয়েছে সরকার। এখন কূটনীতি হবে অর্থনৈতিক, রাজনৈতিক না; সেই বার্তাই দেওয়া হয়েছে বিদেশি মিশনগুলোকে। গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি স্থল বন্দরগুলোও চালু করা হয়েছে। এখন দেশের যে কোনো প্রান্ত থেকে সহজে পণ্য পরিবহন সহজকারণ ও যোগাযোগ ব্যবস্থার অমূল পরিবর্তন সাধিত হয়েছে।
তিনি বলেন, দেশের মানুষের ক্রয় ক্ষমতায় বাড়ানোতে কাজ করছে সরকার। পাট, চামড়াসহ রপ্তানি পণ্য নিয়ে গবেষণার প্রয়োজন। গার্মেন্টসকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বাকি সব পণ্যেও সমসুযোগ দেওয়া হবে। উন্নয়নশীল দেশের কাতারে ২০২৬ সালে যাওয়ার যে সুযোগ আসবে, তা কাজে লাগাতে হবে। তাই আগামীর চ্যালেঞ্জ এবং সুযোগ মোকাবিলা করার জন্য সরকার আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে। উন্নয়নের স্বার্থেই প্রয়োজন ছিল সরকারে আসার। আমাদের প্রস্তুতি থাকলে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হবে না।








