সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, আগামীর নেতৃত্ব শক্ত হাতে ধরতে ছাত্রদের যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। তোমরাই তো আগামীর ভবিষ্যৎ। তাই এখন থেকেই পড়ালেখার মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশানে নিজ বাসভবনে রওশন এরশাদ ঘোষিত জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় আহবায়ক কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করতে এলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তোমরা ভাল করলে, “পার্টি ও দেশ ভাল করবে। তোমাদের জন্য দোয়া করি। তোমরা এগিয়ে যাও।”
রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেন, পার্টির সাবেক নেতৃত্ব নিয়ে আর কোনো সমালোচনা করতে চাই না। শিষ্টাচার বজায় রেখে রাজনীতি করতে চাই। চিন্তিত হবার সুযোগ নেই, ঘোষিত সময় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সব আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
মহাসচিব বলেন, নেতা হতে চাই না, জাতীয় পার্টির সকলের সহকর্মী হতে চাই। একসঙ্গে কাজ করতে চাই। সবাই মিলে জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে চাই।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাহগির আল মাহি সাদ এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা উত্তর জাপার আহবায়ক শফিকুল ইসলাম সেন্টু, পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, জাপা নেতা আসাদ খান, সাজ্জাদ পারভেজ, নজরুল ইসলাম, মিরাজুল ইসলাম মিরাজ, সৌরভ আহমেদ, তৌহিদুর রহমান, সিরাজুল আরেফিন মাসুম,জাতীয় ছাত্র সমাজের আহবায়ক নকিবুল হাসান নিলয়, সদস্য সচিব আবু সাঈদ নিলয় ও ছাত্রনেতা এরফান উদ্দিন প্রমূখ।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাপা নেতা জুবায়ের আহমেদ, পার্টির নবনিযুক্ত দপ্তর সম্পাদক খোরশেদ আলম খোশু, জাপা নেতা মোস্তাফিজুর রহমান নাঈম, এসএম হাশেম, মুকুল আহমেদ, মনির হোসেন, জাহাঙ্গীর বেপারি, ছাত্রনেতা মো. শাহেদ কাদেরী, মিশু আহমেদ, সিরাজুল হোসেন মিয়া প্রমূখ।
গত ২৮ জানুয়ারি রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে তাদের পদ থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেন। রওশন দাবী করেছেন তৃণমূল ও কেন্দ্রীয় নেতাদের অনুরোধে তিনি এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
ওই ঘটনার পর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, রওশন এরশাদ পার্টির প্রধান পৃষ্ঠপোষক। ওই পদের কোন সাংগঠনিক ক্ষমতা নেই, পদটি আলঙ্কারিক পদ। জি এম কাদেরকে বহিষ্কার করে রওশন এরশাদ যে নিজেই নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন, একে আমলে নিচ্ছি না।
আগামী ২ মার্চ জাতীয় পার্টির এক তরফা কাউন্সিলের তারিখ ঘোষনা দিয়েছেন রওশন এরশাদ।








