স্টাফ রিপোর্টার: বিদেশে বসে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, পতিত সরকারের দোসররা এখনও সব জায়গায় বসে আছে, দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। কিন্তু গণ আন্দোলনের পর যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, তাতে জাতিকে বিভক্ত করা যাবে না, সকল ষড়যন্ত্র ভেসে যাবে। সবাই বাংলাদেশী, এখানে কেউ সংখ্যালঘু নেই, সবার অধিকার এক, সবাই বাংলাদেশী।
সাংবাদিকদের তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠন করেছে, আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। সংস্কার কমিশনে আমাদের সুপারিশ নিয়ে ডাকলেও যাবো, না ডাকলেও যাবো। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে।








