লক্ষ্মীপুরে সড়কে অভিযান চালানোর সময় সিএনজিচালিত অটোরিকশা চালকদের মারধরে তিন ট্রাফিক পুলিশ আহত হয়েছেন।বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা শহরের বাগবাড়ি এলাকায় ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে সকাল থেকে অভিযানে নামে ট্রাফিক পুলিশ। এসময় শহরের বাড়বাড়ি এলাকায় মেঘনা সড়কে কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনার জেরে অটোরিকশা চালকরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে অটোরিকশা চালকরা জড়ো হয়ে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে বিক্ষোভ করে।
সিএনজি চালকদের দাবি, মাসোহারা দিয়ে রাস্তায় গাড়ি চালাতে হচ্ছে। অভিযানের নামে গাড়ি আটকে টাকা আদায় করে ট্রাফিক পুলিশ। কোনো কারণ ছাড়াই কয়েকটি গাড়ি আটক করে মামলা দেওয়ায় মারধরের ঘটনা ঘটে।
ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন, ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় চালকরা হামলা চালায়। এতে তিনজন আহত হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, কি কারণে ঘটনাটি ঘটেছে তা জানা নেই। ক্ষতিগ্রস্তরা কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।








