লুৎফুজ্জামান বাবরওমরাহ পালন করতে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে দুবাইয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জাকির হোসেন আরও বলেন, ফ্লাইটে বসা অবস্থাতেই বুকে ব্যথা অনুভব করেন বাবর। পরে বিমানবন্দরে নামার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ভর্তি করা হয় দুবাইয়ের একটি হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। স্ত্রী ও দুই মেয়ে সৌদি চলে গেছেন। সঙ্গে রয়েছেন ছেলে লাবিব।
‘সুস্থ হলে বাবর সৌদি আরবে যাবেন। সেখানে ওমরাহ শেষে চিকিৎসার জন্য সপরিবারে তার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে’- জানান আমিরাত বিএনপির আহ্বায়ক।
এর আগে কারামুক্ত হওয়ার তিনদিন পর গত ১৯ জানুয়ারি অসুস্থ হয়ে পড়েন বাবর। রাতে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
ওয়ান ইলেভেন সরকারের সময়ে ২০০৭ সালের ২৮ মে গ্রেফতার হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। পরে বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান তিনি।








