,

টঙ্গীতে বেতন ও ঈদ বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, দেড় ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

টঙ্গী

টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও শ্রমিকদের তথ্যমতে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিলেও বেতন দেয়নি। এরপর ১১ মার্চ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। বেতন না পেয়েই শ্রমিকরা এর প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন, যা পুলিশের হস্তক্ষেপে শেষ হয়।

এরপরও দাবি পূরণ না হওয়ায় রোববার সকাল থেকে শ্রমিকরা পুনরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, ফলে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, কারখানার শ্রমিকরা কয়েক দিন আগেও একই কারণে মহাসড়ক অবরোধ করেছিলেন। তখন ২০ মার্চের মধ্যে বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ইতোমধ্যে ১৫০০ শ্রমিকের মধ্যে ১২৫০ জনের বেতন পরিশোধ করা হয়েছে। কিন্তু গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে কারখানা কর্তৃপক্ষ ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি অনুসারে কারখানা বন্ধ করে দেয়। এরপর রোববার সকাল ৭টা থেকে শ্রমিকরা বিক্ষোভে নামেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে তাদের মহাসড়ক থেকে সরিয়ে কারখানার সামনে নেওয়া হয় এবং সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এখন শ্রমিকদের দাবি নিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ