ফরিদপুরে হাইডেক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে, আর আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, বাসটির গতি অত্যন্ত বেশি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ৫ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জন মারা যান।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা জানান, আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রত্যেক পরিবারকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা করে দাফন সহায়তার ঘোষণা দিয়েছেন। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানিয়েছেন তিনি।
দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং প্রশাসনের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।








