শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

“বিনিয়োগের এত ভালো পরিবেশ বাংলাদেশে আগে কখনো ছিল না” — ড. ইউনূস

বাংলাদেশে

বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের যে পরিবেশ তৈরি হয়েছে, তা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি অনুকূল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনা বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। তারা “বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫”-এ অংশ নিতে ঢাকায় এসেছেন।

বৈঠকে ড. ইউনূস বলেন, গত আট মাস ধরে তিনি বিদেশি বিনিয়োগ সহজ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর ফলে এখন দেশে বিনিয়োগের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি আরও জানান, কোরিয়া ও চীনের বিনিয়োগকারীদের সঙ্গে প্রাতঃরাশ সভার আয়োজন করা হবে, যেখানে তাদের যেকোনো উদ্বেগ ও সমস্যা নিয়ে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে।

ড. ইউনূস আশা প্রকাশ করেন, সরকারের নতুন বিনিয়োগবান্ধব উদ্যোগ, ব্যবসা ও শ্রমসংক্রান্ত সংস্কার দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং বিদেশি কোম্পানিগুলোর বাংলাদেশে কারখানা স্থাপন সহজতর হবে।

তিনি জানান, বিডার চেয়ারম্যান প্রতি মাসের ১০ তারিখে চীনা ও কোরিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত প্রাতঃরাশ সভা করবেন। এসব বৈঠকে নিজেও কিছুদিন পরপর অংশ নেবেন বলে জানান তিনি।

বিনিয়োগকারীদের অভিযোগ দ্রুত সমাধানের জন্য হটলাইন ও কল সেন্টার চালুরও প্রস্তাব দিয়েছেন ড. ইউনূস। বিনিয়োগকারীরা সরাসরি ফোন করে তাদের অভিযোগ জানাতে পারবেন, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অবকাঠামো, জ্বালানি, টেক্সটাইল, আইটি, টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতের অন্তত ৩০ জন শীর্ষ চীনা বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। তাদের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডগিয়ার কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পলিন এনগান।

ড. ইউনূস জানান, সম্প্রতি বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে প্রেসিডেন্ট বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে চীনা কোম্পানিগুলোকে উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা তাকে অনুপ্রাণিত করেছে।

চীনা বিনিয়োগকারীরা চট্টগ্রাম ও মংলার চীনা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। সেই সঙ্গে ইলেকট্রিক ভেহিকল, লিথিয়াম ব্যাটারি, বায়ু টারবাইন এবং অফশোর সৌরবিদ্যুৎ খাতেও তারা বিনিয়োগ করতে চায়।

বৈঠকে আরও জানানো হয়, বাংলাদেশ শুধু দেশের বাজার নয়, নেপাল ও ভুটানের মতো পার্শ্ববর্তী দেশেও পণ্য সরবরাহের সুযোগ করে দিতে পারে।

এর আগে কোরিয়ান বিনিয়োগকারীদের একটি দলও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ