সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্র-চীনের নতুন বাণিজ্যযুদ্ধ, তেলের দাম ৪ বছরে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র-চীনের নতুন বাণিজ্যযুদ্ধ, তেলের দাম ৪ বছরে সর্বনিম্ন

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আবারও শুরু হয়েছে বাণিজ্যযুদ্ধ। একে অপরের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে বিশ্ব বাজারে চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় জ্বালানি তেলের দাম নেমে এসেছে গত চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩৮ ডলার কমে দাঁড়ায় ৬০ দশমিক ৪৪ ডলার, যা ৩ দশমিক ৭৯ শতাংশ হ্রাস। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ২ দশমিক ৪৬ ডলার কমে দাঁড়িয়েছে ৫৭ দশমিক ১২ ডলারে, যা ৪ দশমিক ১৩ শতাংশ হ্রাস। ২০২১ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম এতটা কমলো তেলের দাম।

এদিকে, চীনের আমদানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন জানিয়েছে, তারা চীনের ওপর শুল্ক ৫০ শতাংশ বাড়িয়ে ১০৪ শতাংশে উন্নীত করেছে। এনবিসি নিউজ হোয়াইট হাউসের একটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।

এর আগে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, চীন যদি আমেরিকান পণ্যের ওপর নতুন আরোপ করা ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র আরও কড়া শুল্ক আরোপ করবে।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের পাল্টা পদক্ষেপের পর চীনও তাদের আমদানিকৃত সকল মার্কিন পণ্যের ওপর প্রতিশোধমূলকভাবে ৩৪ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণা দেয়। চীনের নেতৃত্ব জানিয়েছে, তারা এই বাণিজ্যযুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকার জন্য প্রস্তুত।

চীনের পদক্ষেপের জবাবে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “চীন যদি তাদের আরোপিত ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে যুক্তরাষ্ট্র ৯ এপ্রিল থেকে চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বাড়াবে।”

এই উত্তেজনা এবং অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক তেলবাজারে। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যযুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা আসতে পারে, যার প্রভাব আরও দীর্ঘমেয়াদি হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ