বিশ্ব পরিবর্তনের সম্ভাবনাময় দুর্দান্ত সব ধারণা বাংলাদেশের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশে ব্যবসার অপার সম্ভাবনা রয়েছে, যা শুধু দেশ নয়, সারা বিশ্বের জন্যও সুযোগ তৈরি করতে পারে।”
আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস বলেন, “এক সময় যে ক্ষুদ্রঋণ একটি গ্রামের ছোট উদ্যোগ ছিল, তা এখন আমেরিকার অন্যতম বড় ব্যবসায় রূপ নিয়েছে। এই উদাহরণই প্রমাণ করে, বাংলাদেশে যে উদ্যোগ নেয়া হয়, তা বৈশ্বিক রূপ নিতে সক্ষম।”
তিনি আরও বলেন, “যদি আমরা সত্যিই দুনিয়া বদলাতে চাই, তবে ব্যবসাই হতে পারে সবচেয়ে কার্যকর কাঠামো। কার্বন নিঃসরণ বন্ধ করে নতুন এক মানবিক সভ্যতা গড়ে তোলার সময় এখনই।”
বর্তমান বিশ্বব্যবস্থাকে “আত্মবিধ্বংসী” আখ্যা দিয়ে ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসার উপযোগী স্থান হিসেবে বাংলাদেশ এককথায় অনন্য। তিনি দারিদ্র্য বিমোচনে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে একটি শক্তিশালী “ফ্রেমওয়ার্ক” তৈরির ওপর জোর দেন।
চার দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। সম্মেলন শুরু হয়েছে গত ৭ এপ্রিল, তবে আজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।








