ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না।’ তিনি জানান, ভারত সবসময় চায় বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাক এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করুক।
বুধবার (৯ এপ্রিল) নয়াদিল্লির ভারত মণ্ডপে আয়োজিত নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ অনুষ্ঠান ‘রাইজিং ভারত সামিট ২০২৫’-এর দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অনেক পুরোনো ও জনমুখী। এ সম্পর্ক ভারতের ইতিহাস ও ডিএনএ-র অংশ।’
সম্প্রতি থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক আলোচিত বৈঠক হয়। সেই প্রেক্ষাপটেই জয়শঙ্করের এ মন্তব্য দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরবে এবং নির্বাচন হবে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত অনন্য। এটি মূলত জনগণের সাথে জনগণের সম্পর্কের ভিত্তিতে গড়ে উঠেছে, যা আমরা গভীরভাবে মূল্যায়ন করি।’
তবে তিনি বাংলাদেশের ভেতরে থাকা কিছু উদ্বেগজনক পরিস্থিতি নিয়েও কথা বলেন। ‘যেসব বক্তব্য বাংলাদেশি জনগণের মুখে আমরা শুনছি, তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। উগ্রপন্থী প্রবণতা ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে আমাদের চিন্তা রয়েছে,’—বলেন জয়শঙ্কর।
তিনি জানান, এসব বিষয় নিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে খোলামেলা আলোচনা হয়েছে।
সূত্র: সংবাদ প্রতিদিন








