নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরের পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় দুই নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে মিজমিজি পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরপাড় থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বস্তার ভেতরে থাকা তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুই নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে এবং শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ ও পিবিআই যৌথভাবে কাজ করছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, পুকুরের পাশে পড়ে থাকা বস্তাগুলো থেকে দুর্গন্ধ পেয়ে কৌতূহলী হয়ে এগিয়ে যান এলাকাবাসী। পরে তারা বস্তার ভেতরে মরদেহের খণ্ড-বিখণ্ড অংশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।








