,

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে উত্তাল বায়তুল মোকাররম

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম এলাকা বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে।

বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে বর্বর গণহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একই সময়ে বাংলাদেশ তিসরি ইনসাফ দল এবং জাতীয় ইমাম সমাজ বাংলাদেশও পৃথকভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করে।

সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতারা বলেন, গাজায় ইসরায়েল যে নির্মম গণহত্যা চালাচ্ছে, তা মানবতার চরম লঙ্ঘন। তারা ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, যারা এসব পণ্য আমদানি করছেন, তাদের এই ব্যবসা থেকে সরে আসা উচিত। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা সবসময় ফিলিস্তিনের পক্ষে থাকবে।

নেতারা আরও বলেন, আমেরিকা ও ইসরায়েলের মদদে গাজায় যে হত্যাযজ্ঞ চলছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল। হামাসের বিরুদ্ধে না পেরে এখন শিশু, নারী ও নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। ইতোমধ্যে প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়েছে, অথচ জাতিসংঘসহ কোনো আন্তর্জাতিক সংস্থা কার্যকর ভূমিকা নেয়নি। ওআইসিসহ অন্যান্য সংগঠনগুলোকেও এখনই এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ তিসরি ইনসাফ দলের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলের নৃশংসতায় বিশ্ব মানবতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইসরায়েলি পণ্য বর্জনের পাশাপাশি বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।

জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের নেতারা বলেন, ইসরায়েলের বর্বরতা দাজ্জালের যুগের পূর্বাভাস বহন করে। নবী করিম (সা.)-এর ভবিষ্যদ্বাণী আজ বাস্তবায়িত হচ্ছে। তারা বলেন, এখন মুসলমানদের জন্য ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফরজ হয়ে গেছে। বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রগুলোকেও একই অবস্থান নিতে হবে এবং ইসরায়েলি পণ্য বর্জনের জন্য একটি নির্দিষ্ট তালিকা তৈরি করে তা অনুসরণ করতে হবে।

বিক্ষোভ শেষে একাধিক সংগঠনের মিছিল থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং ফিলিস্তিনের পক্ষে অটল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ