বাংলাদেশের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চায় না ভারত—এমনটাই জানানো হয়েছে নয়াদিল্লির পক্ষ থেকে। তবে ভারতের কূটনৈতিক মহলের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু বাণিজ্যিক সিদ্ধান্ত তাদের কাছে নেতিবাচক বার্তা হিসেবে প্রতিভাত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ স্থলসীমান্ত দিয়ে ভারতের কাছ থেকে সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২০ সালে বাংলাদেশকে যে ট্রান্স-শিপমেন্ট সুবিধা দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে কেবল ভারতীয় বন্দর ও বিমানবন্দরগুলোতে ভিড় কমানোর জন্য। এই সিদ্ধান্ত বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে রপ্তানির ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।
সম্প্রতি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে এক বৈঠকে মোদী আহ্বান জানান যেন এমন কোনো উস্কানিমূলক সিদ্ধান্ত বা বক্তব্য না আসে যা দুই দেশের সম্পর্কের পরিবেশ নষ্ট করতে পারে।
ভারতীয় দৃষ্টিভঙ্গিতে, ট্রান্স-শিপমেন্ট সুবিধা বাতিলের আগে থেকেই বাংলাদেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে যা পারস্পরিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উদাহরণস্বরূপ, মার্চ মাসে বাংলাদেশ ভারতীয় তিনটি স্থলবন্দর বন্ধ করে এবং সুতা আমদানিতে বিধিনিষেধ আরোপ করে। তারও আগে জানুয়ারি মাসে বেনাপোল কাস্টমসে কড়াকড়ি নজরদারি চালু করা হয়, যা ভারত সীমাবদ্ধতামূলক পদক্ষেপ হিসেবে দেখছে।
বাংলাদেশের পোশাক শিল্প সংশ্লিষ্টরা ইতিমধ্যেই সরকারকে সতর্ক করে বলেছে, ভারত থেকে সুতা আমদানি বন্ধ করা হলে দেশের গার্মেন্ট খাতের জন্য তা আত্মঘাতী হতে পারে।
এই পরিস্থিতিতে, যেখানে বাংলাদেশ ভারতের সঙ্গে বাণিজ্যে কঠোর অবস্থান নিচ্ছে, সেখানে পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করেছে ঢাকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন (TCP) থেকে ৫০ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে চরমপন্থী কর্মকাণ্ড বৃদ্ধির খবরের মধ্যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় ভারত নতুন করে উদ্বিগ্ন। কারণ ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দেখে আসছে।
জানা গেছে, পাকিস্তান বাংলাদেশে তাদের রপ্তানি বাজার সম্প্রসারণের চেষ্টা করছে। একইসঙ্গে, দুই দেশের মধ্যে কয়েক দশক পরে উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্কও আবার সচল হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ শিগগিরই ঢাকা সফরে আসছেন এবং পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার আগামী সপ্তাহে আসবেন।








