শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পেশাদার মনোভাবেই খেলি, প্রতিপক্ষ বড় না ছোট—তা বিবেচ্য নয়

এটাই বার্তা দিলেন অধিনায়ক শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ কম থাকলেও, খেলোয়াড়দের জন্য প্রতিটি ম্যাচ সমান গুরুত্ব বহন করে বলে মনে করেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিলেটে রোববার থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচকে সামনে রেখে শনিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শান্ত বলেন, ‌”বাইরের মানুষ কিংবা সমর্থকরা হয়তো বড় দল-ছোট দলের পার্থক্য করেন, কিন্তু আমরা যারা মাঠে নামি, তারা প্রতিটি বল নিয়ে চিন্তা করি। প্রতিপক্ষ দল যেই হোক, পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের মনোভাব একই থাকতে হয়। আমরা চাই জিম্বাবুয়ের বিপক্ষে যেমন মনোযোগ নিয়ে খেলছি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও যেন একই রকম মনোভাব থাকে।”

তিনি আরও বলেন, সংবাদমাধ্যম ও দলের মধ্যেও যেন ছোট-বড় দলের ভিত্তিতে কোনো আলাদা দৃষ্টিভঙ্গি না থাকে। কারণ জাতীয় দলের হয়ে খেলতে নামা মানেই শতভাগ দায়িত্ব নিয়ে মাঠে নামা।

সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সে ব্যাটিং ব্যর্থতা থাকলেও নতুন বছরে নতুন প্রত্যয়ে শুরু করতে চায় বাংলাদেশ দল। শান্ত বলেন, “আমরা ব্যাটিং নিয়ে অনেক কাজ করেছি। প্র্যাকটিসে ফল ইতিবাচক। নতুন বছরের প্রথম টেস্ট, আমরা চাই এটি ভালোভাবে শুরু হোক। আশা করি ব্যাটাররা ভালো করবে।”

নাহিদ রানার বোলিং নিয়েও আশাবাদী শান্ত। তিনি বলেন, “আমি কখনো নাহিদকে ১৪০ কিমির নিচে বল করতে দেখিনি। আশা করছি, জিম্বাবুয়ের বিরুদ্ধেও সে তার গতি এবং ধারাবাহিকতা ধরে রাখবে।”

এই সিরিজ নিয়ে বিসিবি সম্প্রচার স্বত্ব বিক্রি করতে না পারলেও, জাতীয় দলের ক্রিকেটাররা পূর্ণ মনোযোগ দিয়েই মাঠে নামছেন—এটাই বার্তা দিলেন অধিনায়ক শান্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ