ছয় দফা দাবিতে রোববার (২০ এপ্রিল) সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে কারিগরি শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) ‘রাইজ ইন রেড’ নামের মানববন্ধন কর্মসূচি শেষে এ ঘোষণা দেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জোবায়ের পাটোয়ারী।
এর আগে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। কুমিল্লায় কর্মসূচিতে হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষার্থীরা এসময় স্লোগান দেন—‘রক্তে আগুন লেগেছে’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’।
শুক্রবার দুপুরে ছয় দফা দাবি নিয়ে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন তারা। জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের দাবিগুলো দ্রুত মেনে নিলে আমরা রাজপথ ছাড়বো। কুমিল্লার শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং চিকিৎসা নিশ্চিত করুন। আলোচনায় বসতে আমরা প্রস্তুত।”
এর আগেও শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেও দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।








