সাবেক কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
রবিবার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।
সুফিউর রহমান অবসরে যাওয়ার আগে জাতিসংঘের জেনেভা দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি পূর্বে অস্ট্রেলিয়া ও মিয়ানমারে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী, প্রধান উপদেষ্টাকে সহায়তা করার উদ্দেশ্যে সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।








