প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আগামী সোমবার কাতারের রাজধানী দোহা যাচ্ছেন। তিনি সেখানে অংশ নেবেন ‘আর্থনা সামিট ২০২৫’-এ, যা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।
এই সফরটি হচ্ছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ হতে পারে।
এই সফরে ড. ইউনূসের সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।
প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদও এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। তারা হলেন—ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা।
‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ এই প্রতিপাদ্যে অনুষ্ঠিতব্য সামিটে কাতারের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও পরিবেশগত বৈচিত্র্যের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে আলোচনা হবে। প্রথাগত জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনের উপায় খুঁজে বের করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।
২২ ও ২৩ এপ্রিল এই দুইদিন ধরে চলবে সম্মেলন। এতে উপস্থাপনা, প্যানেল আলোচনা, কর্মশালা এবং গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হবে।








