নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) আবেদনের সময়সীমা বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করেছে। রবিবার (২০ এপ্রিল) পূর্ব নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে দলগুলো চাইলে আগামী ২২ জুন পর্যন্ত আবেদন জমা দিতে পারবে।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে সময় বাড়ানোসহ কয়েকটি দাবি জানায়।
ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানিয়েছেন, মোট ২০টি রাজনৈতিক দল সময় বাড়ানোর আবেদন করেছে। এর মধ্যে সাতটি দল আবেদন করেছে ইসির নির্ধারিত ফরমে এবং তিনটি দল আবেদন করেছে দলীয় প্যাডে।
সময় বাড়ানোর আবেদন করা দলগুলোর মধ্যে রয়েছে— নতুন বাংলা, সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আমজনতার দল, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, লেবার পার্টি বাংলাদেশ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), বাংলাদেশ গ্রিন ইনভারমেন্ট পার্টি, আমার দেশ আমার অধিকার পার্টি (এনডিএপি), বাংলাদেশ গণ মুক্তি পার্টি, বাংলাদেশ একুশে পার্টি, গণ অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (বিএসডিপি), বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি, গণতান্ত্রিক নাগরিক শক্তি (ডিসিপি), বাংলাদেশ সমতা পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ আ-আমজনতা পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এছাড়া নতুন নিবন্ধনের জন্য আবেদন করেছে আরও ১০টি দল— বাংলাদেশ রক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস পার্টি, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ জাতীয় ভূমিহীন পার্টি (বিএমএলপি), বাংলাদেশ রিপাবলিক পার্টি এবং বাংলাদেশ জনজোট পার্টি (বাজপা)।








