পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া ইউনিয়নের পাকুরিয়া ডিগ্রীপাড়া গ্রাম সংলগ্ন হাইওয়ে সড়কের পাশে একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার ওসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, কিছু দুষ্কৃতিকারী ওই এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবরে অভিযান পরিচালিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের পাশের জঙ্গল থেকে ঘাসের ভেতর লুকানো অবস্থায় একটি একনলা ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। অস্ত্রটির গায়ে ইংরেজিতে “BARMA” লেখা রয়েছে।
ওসি শহিদুল ইসলাম জানান, ঈশ্বরদী থানা সবসময় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রস্তুত রয়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত আছে। তিনি সকলকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।








