বাপা ও ক্যাপসের বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ৯ দফা সুপারিশ
২২ এপ্রিল ২০২৫ বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) যৌথভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকায়। “বায়ু দূষণ নিয়ন্ত্রণে করণীয়” শীর্ষক এই আয়োজনে সভাপতিত্ব করেন বাপার সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ তালুকদার এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।
প্রবন্ধে উল্লেখ করা হয়, ঢাকার গত ৯ বছরে (২০১৬-২০২৪) মাত্র ৩১ দিন নির্মল বায়ু ছিল, যা মোট দিনের মাত্র ১%। এর বিপরীতে অধিকাংশ দিনেই বায়ু ছিল মাঝারি থেকে বিপজ্জনক মাত্রায় দূষিত। বায়ু দূষণের কারণে বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার মানুষ অকালমৃত্যুর শিকার হচ্ছেন, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক শিশু ও বয়স্ক নাগরিক রয়েছেন।
বক্তারা দূষণের উৎস চিহ্নিত করে তা নিয়ন্ত্রণের জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস বন্ধ করতে হবে এবং পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে অগ্রসর হতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত ৯ দফা সুপারিশ:
১. দেশের প্রাণ ও প্রকৃতি রক্ষায় “পরিবেশ সংস্কার কমিশন” গঠন
২. মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ করে পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড যানবাহনের ব্যবহার বাড়ানো
৩. পোড়ানো ইটের পরিবর্তে ব্লক ইটের উৎপাদন ও ব্যবহার উৎসাহিত করা
৪. বর্জ্য পোড়ানো বন্ধ করে তা থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা
৫. জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনা
৬. বিদ্যমান জ্বালানি নীতিতে সংশোধনী এবং নির্মল বায়ু আইন প্রণয়ন
৭. শিল্প ও বিদ্যুৎখাতে আন্তর্জাতিক মানসম্মত নিঃসরণ মান নির্ধারণ ও প্রয়োগ
৮. নবায়নযোগ্য জ্বালানির ওপর গবেষণা ও বিনিয়োগ বৃদ্ধি
৯. গ্রামীণ অঞ্চলে সবুজ জ্বালানি নিশ্চিত করে গৃহস্থালি দূষণ কমানো
আয়োজকরা সরকারের প্রতি এসব সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানান এবং বলেন, পরিবেশ রক্ষায় এখনই উদ্যোগ না নিলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে দেশ।








