বিএনপি আগামী ১ মে, মহান মে দিবসে রাজধানী ঢাকায় একটি বড় শ্রমিক সমাবেশের আয়োজন করবে। বিএনপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক দলের উদ্যোগে নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি জানান, সমাবেশটি বিকাল ২টায় শুরু হবে এবং এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নজরুল ইসলাম খান আরও বলেন, ঢাকার পাশাপাশি আশপাশের জেলার নেতাকর্মীরাও এই সমাবেশে অংশ নেবেন। যেহেতু ১ মে সরকারি ছুটির দিন, তাই বড় সমাবেশ হলেও জনগণের ভোগান্তি কম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই দিনে দেশের অন্যান্য মহানগর ও জেলা শহরগুলোতেও স্থানীয় শ্রমিক দলের উদ্যোগে পৃথক সমাবেশ হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, শ্রম সংস্কার কমিশনের জমা দেওয়া প্রতিবেদনের প্রতি বিএনপি সমর্থন জানায়।
এই সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, যুবদল, কৃষকদল, মুক্তিযোদ্ধা দল এবং জাসাসের শীর্ষ নেতারা।
সমাবেশকে সফল করতে এর আগে গুলশান কার্যালয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।








