শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
কাশ্মীর হামলা ঘিরে উত্তেজনা

ভারতের ৫ সিদ্ধান্তের জবাবে পাকিস্তানের ৮টি পাল্টা পদক্ষেপ

ভারতের পাঁচের বদলে পাকিস্তানের আট পদক্ষেপ

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পরিস্থিতি তীব্র উত্তপ্ত হয়ে উঠেছে। এ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি বৈঠক ডেকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কঠোর সিদ্ধান্ত নেন। পাল্টা জবাবে, পাকিস্তানও আটটি কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে।

ভারতের নেওয়া ৫টি সিদ্ধান্ত:

১. সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত – পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসে সমর্থন প্রত্যাহার না করলে চুক্তি চালু হবে না।
২. অটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ – ১ মে পর্যন্ত সময় দিয়ে বৈধভাবে আসা পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে।
৩. সার্ক ভিসা অব্যাহতি বাতিল – পূর্বে ইস্যু করা ভিসাগুলোও বাতিল এবং পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।
৪. পাকিস্তানি দূতাবাসের সামরিক উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা – তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ।
৫. দিল্লিতে পাকিস্তানি দূতাবাসের সদস্য সংখ্যা ৩০-তে নামিয়ে আনা – ১ মে থেকে কার্যকর।

পরে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ২৭ এপ্রিল থেকে পাকিস্তানি নাগরিকদের সব ভিসা বাতিল হবে, শুধুমাত্র মেডিক্যাল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বৈধ থাকবে।


পাকিস্তানের পাল্টা ৮টি সিদ্ধান্ত:

১. সিন্ধু পানি চুক্তি বাতিলের ভারতীয় সিদ্ধান্ত প্রত্যাখ্যান – এটিকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ এবং কড়া জবাবের হুঁশিয়ারি।
2. সিমলা চুক্তিসহ সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিতের অধিকার দাবি – ভারতের ‘আন্তর্জাতিক আইন ভঙ্গ’ না থামা পর্যন্ত স্থগিত থাকতে পারে।
৩. ওয়াঘা সীমান্ত বন্ধ – ভারতীয় পাসধারীরা ৩০ এপ্রিলের মধ্যে ফিরতে পারবে।
৪. এসভিইএস ভিসা বাতিল – শুধু শিখ তীর্থযাত্রী ছাড়া সবাইকে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ছাড়তে হবে।
৫. ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা – ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ।
৬. ভারতীয় দূতাবাসের সদস্যসংখ্যা কমিয়ে ৩০ করা।
৭. ভারতীয় এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ।
৮. ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ – ভারত হয়ে অন্য দেশে যাওয়াও নিষিদ্ধ।


পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের পদক্ষেপগুলোর নিন্দা করে বলেছে, ভারত কাশ্মীর ইস্যু নিয়ে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘন করছে এবং সংখ্যালঘুদের ওপর নিপীড়ন করছে। পেহেলগামের হামলার দায় চাপিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং ১ জন নেপালি ছিলেন।

এই পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও সংকটময় হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ