শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টা ইউনূসের শ্রদ্ধা নিবেদন

পোপ ফ্রান্সিসের মরদেহে প্রধান উপদেষ্টা ইউনূসের শ্রদ্ধা নিবেদন

রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় তিনি ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় গিয়ে শ্রদ্ধা জানান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তিনি সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছান।

এর আগে, দুপুর ১২টা ২৫ মিনিটে কাতার থেকে ইতালির উদ্দেশে রওনা দেন তিনি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রোমের বিমানবন্দরে পৌঁছানোর পর ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান।

আগামীকাল শনিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনের উন্মুক্ত প্রাঙ্গণে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা উপস্থিত থাকবেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন বলে জানানো হয়েছে।

চার্চের শীর্ষ ধর্মীয় নেতাদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পরিচালনা করবেন কার্ডিনাল কলেজের ডিন জিওভান্নি বাত্তিস্তা রে। তিনি ‘চূড়ান্ত সমর্পণ প্রার্থনা’ পাঠ করবেন, যার মাধ্যমে পোপ ফ্রান্সিসকে আনুষ্ঠানিকভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করা হবে।

এরপর তার মরদেহ রোমের সান্তা মারিয়া মেজিওর ব্যাসিলিকায় নিয়ে যাওয়া হবে, যেখানে তাকে সমাহিত করা হবে। পোপ ফ্রান্সিস নিজ ইচ্ছায় সেন্ট পিটার্স নয়, বরং সান্তা মারিয়া ব্যাসিলিকায় সমাহিত হতে চেয়েছিলেন, যেখানে তার বহু পূর্বসূরির কবর রয়েছে।

৮৮ বছর বয়সী ফ্রান্সিস চলতি বছর শুরুতে দুইবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। প্রায় এক মাস আগে সুস্থ হয়ে ভ্যাটিকানে ফিরে আসেন তিনি।

সাম্প্রতিক ইস্টার সানডের দিন তিনি সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত ছিলেন। কিন্তু পরদিন সকালে ভ্যাটিকান তার মৃত্যুর সংবাদ জানায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ