সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক পাহাড়ি পরিবারের জন্য পানির ব্যবস্থা

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে শতাধিক পাহাড়ি পরিবারের জন্য পানির ব্যবস্থা

পাহাড়ি অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে রাঙামাটির লংগদু উপজেলার সমতল থেকে প্রায় ২০০ ফুট উঁচু দাদীপাড়া এলাকায় শতাধিক পাহাড়ি জনগণের জন্য পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী লংগদু জোন।

সম্প্রতি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি রিং টিউবওয়েল স্থাপন করা হয়েছে। বিশেষভাবে বৈদ্যুতিক মোটর যুক্ত করে পাহাড়ের চূড়ায় নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে, যা স্থানীয়দের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এ পানির ব্যবস্থার উদ্বোধন করেন লংগদু জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীসহ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। জোন অধিনায়ক তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করেই থেমে নেই, বরং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছে। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান থাকবে।”

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে পানির জন্য তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে গ্রীষ্মকালে পানির সংকট আরও তীব্র হয়ে উঠতো। সেনাবাহিনীর উদ্যোগে এখন থেকে সহজেই নিরাপদ পানি ব্যবহার করতে পারবেন তারা।

এছাড়া স্থানীয়রা মনে করছেন, সেনাবাহিনীর এমন মানবিক প্রচেষ্টা পাহাড়ি জনপদে শান্তি ও সহমর্মিতার পরিবেশ গড়ে তুলবে। সেনাবাহিনীর এ ধরনের সহায়তায় সাধারণ মানুষের মধ্যে আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন তারা।

বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের মানবিক কর্মকাণ্ড পাহাড়ের প্রতিকূল পরিবেশে বসবাসকারী মানুষের জীবনে আশার আলো ছড়িয়ে দিচ্ছে। উন্নয়ন ও মানবতার এমন মেলবন্ধন ভবিষ্যতে পাহাড়ি জনপদে স্থায়ী শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ