,

রাখাইনে মানবিক সহায়তার জন্য শর্তসাপেক্ষে করিডোর দেয়ার সিদ্ধান্ত বাংলাদেশের

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতিসংঘের অনুরোধে রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে একটি মানবিক করিডোর চালুর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ সিদ্ধান্ত কিছু নির্দিষ্ট শর্তের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ মানবিক করিডোর স্থাপনের ব্যাপারে সম্মত হয়েছে। তবে এটি শুধুমাত্র মানবিক সাহায্যের জন্য ব্যবহৃত হবে এবং কিছু নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে। তিনি বলেন, ‘আমরা শর্তগুলোর বিস্তারিত এখন প্রকাশ করছি না। তবে স্পষ্ট করে বলতে চাই, যদি সেসব শর্ত পূরণ হয়, তাহলে আমরা মানবিক সহায়তার কাজটিতে সহযোগিতা করবো।’
তিনি আরও উল্লেখ করেন, মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও সংঘাত বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কারণ দেশটির বিপুলসংখ্যক নাগরিক, বিশেষ করে রোহিঙ্গারা, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়ে রয়েছে। এই বাস্তবতায়, বাংলাদেশ চায় তাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে। এজন্য যা কিছু প্রয়োজন, তা বাংলাদেশ সরকার করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমানে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন এসেছে। সীমান্তবর্তী অঞ্চলগুলো এখন আর মিয়ানমারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেই, বরং নন-স্টেট অ্যাক্টর বা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে চলে গেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সীমান্ত নিরাপত্তা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ‘নন-স্টেট অ্যাক্টরদের সাথে আমাদের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ নেই এবং থাকতে পারেও না। তবে বাস্তবতার কারণে সরাসরি যোগাযোগ না করলেও তাদের কার্যকলাপ সম্পর্কে অবগত থাকা এবং নিজের স্বার্থ রক্ষা করা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে।’ সবশেষে তৌহিদ হোসেন বলেন, রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ কেবল মানবিক বিবেচনায় নেওয়া হয়েছে এবং এর মাধ্যমে বাংলাদেশ কোনো সামরিক বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় না। শুধুমাত্র মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই করিডোর ব্যবহারের অনুমতি দেওয়া হবে, তবে তা নির্দিষ্ট শর্ত ও আন্তর্জাতিক নীতিমালার আওতায় পরিচালিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ