দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
চার দিনের কাতার সফর ও পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) ভোর ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে রোববার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তিনি ইতালির রোম ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ড. মুহাম্মদ ইউনূস ২১ এপ্রিল কাতারের দোহায় ‘আর্থানা সম্মেলনে’ যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। দোহায় চারদিনের সফর শেষে তিনি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে ইতালির ভ্যাটিকান সিটিতে যান। শনিবার (২৬ এপ্রিল) পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের পর তিনি রোববার রোম থেকে রওনা হয়ে সোমবার দেশে ফেরেন।








