শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রিজার্ভ বেড়ে ২৭.৪১ বিলিয়ন ডলার

দেশে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলারে, যা প্রায় ২৭৪১ কোটি ডলারের সমপরিমাণ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর জানায়, এই হিসাব আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদ্ধতি অনুসারে নির্ধারিত।

গত মার্চে আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ২৫ বিলিয়নে নেমে আসে। তবে রমজান মাসে প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ইতিবাচক প্রবাহের ফলে রিজার্ভ আবার বাড়তে শুরু করে। এপ্রিল মাসেও প্রবাসী আয় বাড়ায় রিজার্ভ ২৭ বিলিয়নের ঘর ছাড়ায় এবং নিট রিজার্ভ পৌঁছে ২২ বিলিয়নের ওপরে।

বাংলাদেশ ব্যাংক ব্যয়যোগ্য রিজার্ভেরও হিসাব রাখে, যদিও তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না। সংশ্লিষ্ট সূত্রমতে, বর্তমানে ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ প্রায় ১৬ বিলিয়ন ডলার, যা দিয়ে তিন মাসের বেশি আমদানি ব্যয় নির্বাহ সম্ভব। সাধারণত তিন মাসের আমদানির ব্যয় সামলানোর মতো রিজার্ভকে নিরাপদ ধরা হয়।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, প্রবাসী আয় বৃদ্ধি, রপ্তানি আয় স্থিতিশীল থাকা এবং আমদানি ব্যয় নিয়ন্ত্রণে রাখার ফলে রিজার্ভ বাড়ছে। তিনি আরও বলেন, সুদের বর্তমান হার স্থিতিশীল রাখলে আমদানি ব্যয় নিয়ন্ত্রিত থাকবে এবং রিজার্ভও ইতিবাচক ধারা বজায় রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ