রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ এই আদেশ দেন।
এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম সিদ্দিককে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন আবেদন জানালেও বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে বেইলি রোডে কিছু যুবক সিদ্দিককে মারধর করে। এরপর তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। তিনি ওই থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তিনি গুলশান থানায় মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১০৯ জনকে আসামি করা হয়।








