কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া সীমান্তের লাল দ্বীপসংলগ্ন নাফ নদ থেকে চার রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। বৃহস্পতিবার (১ মে) সকালে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন—আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
ঘটনার বিষয়ে শিবিরের মাঝি মোহাম্মদ নুর জানান, প্রতিদিনের মতো কয়েকজন রোহিঙ্গা যুবক ভেলায় করে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ করেই মিয়ানমারের দিক থেকে আসা সশস্ত্র আরাকান আর্মির সদস্যরা তাদের ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে চারজনকে নৌকাসহ অপহরণ করে নিয়ে যায়। তবে কয়েকজন জেলে সাঁতরে পালিয়ে আসতে সক্ষম হন।
তিনি আরও জানান, এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “চার জেলে অপহৃত হওয়ার খবর পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এ বিষয়ে স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, “আরাকান আর্মির কারণে আমরা প্রতিনিয়ত আতঙ্কে থাকি। তারা মাঝেমধ্যেই জেলেদের ধরে নিয়ে যায়, কিন্তু কার্যকর প্রতিরোধ এখনো গড়ে ওঠেনি।”
স্থানীয়দের আশঙ্কা, নাফ নদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে ভবিষ্যতে এ ধরনের অপহরণ আরও বাড়তে পারে।








