ঐতিহাসিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “শ্রমিকদের পুরোনো অবস্থায় রেখে কোনোভাবেই টেকসই ও নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়।”
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং ধাপে ধাপে প্রতিটি সুপারিশ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’—এই প্রতিপাদ্যে এবারের মে দিবস পালন করা হয়।
অনুষ্ঠানে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা হিসেবে পাঁচজন শ্রমিকের পরিবারকে চেক প্রদান করা হয়। বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, সচিব এ এইচ এম সফিকুজ্জামান ও শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ। আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর ভিডিও বার্তাও প্রচার করা হয়।








